সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতা কম বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি। তিনি দাবি করেছেন, বাবা সাদেক হোসেন খোকার পরিচয়ে ইশরাক রাজনীতিতে এসেছেন। গেন্ডারিয়ায় অস্ত্র হাতে তাঁর মাদকবিরোধী অভিযানকেও অনভিজ্ঞতাপ্রসূত ও খামখেয়ালি সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন মনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন নিলোফার চৌধুরী মনি।
গেন্ডারিয়ায় ইশরাকের মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে মনি বলেন, নিরাপত্তার স্বার্থে ইশরাকের লাইসেন্স করা অস্ত্র সঙ্গে রাখা আইনত গ্রহণযোগ্য হতে পারে। তবে একজন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে এ ধরনের অভিযান চালানো সমীচীন হয়নি। সাধারণ মানুষকে ভীতসন্ত্রস্ত করা কোনো মন্ত্রীর কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি।
ইশরাকের রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি প্রসঙ্গে মনি বলেন, বাবার পরিচয়ে রাজনীতিতে আসার কারণে তাঁর অভিজ্ঞতার সীমাবদ্ধতা স্পষ্ট।
ইশরাক কোনো কুচক্রী মহল বা পরামর্শদাতার উসকানিতে এ ধরনের পদক্ষেপ নিয়েছেন কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন মনি। তাঁর মতে, মাদকসেবীদের পেছনে এভাবে অস্ত্র উঁচিয়ে সময় ব্যয় না করে মাদকের মূল হোতা ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নেওয়া উচিত ছিল।
সাম্প্রতিক সময়ে একের পর এক সংসদ সদস্য ও মন্ত্রীর পদত্যাগের ঘটনাকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেন মনি। তাঁর মতে, বিএনপির পদত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে দৃষ্টান্ত হয়ে থাকবে।
ঢাকার রাজনীতি ও আগামী নির্বাচন প্রসঙ্গে মনি বলেন, সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে ইশরাক ঢাকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি নাম। তাঁর মূল লক্ষ্য ছিল সিটি করপোরেশন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহানুভূতিমূলক অবস্থানকে ‘মাছের মায়ের পুত্রশোক’ বলে মন্তব্য করেন তিনি।
মনি আরও দাবি করেন, বিএনপিকে রাজনৈতিকভাবে পিছিয়ে দেওয়া এবং আগামী নির্বাচনে সুবিধা নেওয়ার উদ্দেশ্যে ইশরাককে উসকানি দিয়ে এমন পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হয়ে থাকতে পারে।
দেশের মাদক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, মাদক এখন বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। তৃণমূল থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে মাদকের বিস্তার ঘটেছে। তবে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও আমলার নেপথ্য সহযোগিতার কারণে এ সমস্যার স্থায়ী সমাধান করা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
Leave a comment