সিলেট নগরে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার ঘটনায় এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যের নাম উদয়ন ফারুক। তিনি সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সর্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন উদয়ন ফারুক। এ সময় পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরেই ওই অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি।
তাঁর গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে গত মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে তাঁকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব। তিনি বলেন, পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় ওই এএসআই গান গেয়েছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment