নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কেন্দুয়া-নেত্রকোণা সড়কের রামপুর বাজারসংলগ্ন প্রাইম ডিজিটাল কারিগরি কলেজের সামনে বিদ্যুতের খুঁটিবাহী একটি লড়ির ধাক্কায় তিনি প্রাণ হারান। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম মাহফুজুর রহমান মামুন (৩২)। তিনি জেলার পূর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের ফজলুর শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিপণন বিভাগে কর্মরত ছিলেন।
ঘটনার বিবরণে স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলা সড়কের পাশে ওই যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে রামপুর বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে কর্তব্যরত ফার্মাসিস্ট তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীদের মতে, অসাবধানতাবশত বিদ্যুতের ভারী খুঁটি বহনকারী একটি লড়ি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশের পরিচয় নিশ্চিত করে পরিবারকে খবর দেয়। পরবর্তীতে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম এ বিষয়ে জানান, নিহতের স্বজনেরা সকালে এসে লাশ নিয়ে গেছেন। তবে দুর্ঘটনার জন্য দায়ী যানবাহন শনাক্তকরণসহ সার্বিক বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a comment