নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি আবাসিক হোটেলে ঝটিকা অভিযান চালিয়ে অসামাজিক ও আইনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৮ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ এবং ১২ জন নারী রয়েছেন।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজার এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি বিশেষ দল।
পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে চৌমুহনী বাজারের ‘রিলাক্স আবাসিক হোটেলে’ প্রথম অভিযানটি পরিচালনা করা হয়। সেখান থেকে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ইমাম হোসেন (৫০) নামের এক পুরুষ এবং পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়। এর পরপরই বিকেল ৫টার দিকে একই এলাকার ডালিয়া মার্কেটে অবস্থিত ‘রাজ আবাসিক হোটেলে’ দ্বিতীয় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে চারজন পুরুষ ও সাতজন নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পুরুষরা হলেন—ইমাম হোসেন (৫০), আরমান হোসেন (২২), নাছির উদ্দিন (৩২), মিজানুর রহমান (২২), মোজাম্মেল হোসেন (২০) এবং মো. রাকিব হোসেন (১৯)। আটক ১৮ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে স্থানীয় অধিবাসীরা জানান, শহরের বাণিজ্যিক এলাকার আবাসিক হোটেলগুলোতে অসামাজিক ও বেআইনি কর্মকাণ্ড বন্ধে পুলিশ ও প্রশাসনের ধারাবাহিক তদারকি অত্যন্ত প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীর এমন নিয়মিত অভিযান এলাকার সামাজিক পরিবেশ রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জানান, অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অপরাধবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a comment