চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে উদ্ধারকৃত মাদকের সুনির্দিষ্ট পরিমাণ, জব্দের আনুষ্ঠানিক তালিকা কিংবা কাউকে আটক করা হয়েছে কি না-এসব বিষয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ না করায় বেশ অস্পষ্টতা ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
ঘটনাসূত্রে জানা যায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকায় বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি। তিনি নগর ছাত্রদলের সিনিয়র নেতৃত্বের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। ডিবির একটি সূত্র দাবি করেছে, গোপন আস্তানাটি থেকে আনুমানিক ২০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।
তবে মূল অভিযুক্ত ছাত্রদল নেতা শাকিল সাগরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কি না, তা নিয়ে ডিবি কর্মকর্তাদের বক্তব্যে চরম বিপরীতমুখী তথ্য পাওয়া গেছে। স্থানীয় ও একাধিক সূত্রের দাবি, অভিযানের সময় সাগর বাসাতেই ছিলেন এবং পুলিশ তাঁকে নিয়ে গেছে। অন্যদিকে অভিযান পরিচালনাকারী দলের এক কর্মকর্তা দাবি করেন, সাগরকে সেখানে পাওয়া যায়নি এবং তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
অভিযানের প্রকৃত তথ্য ও উদ্ধারকৃত মদের আনুষ্ঠানিক তালিকা জানতে মনসুরাবাদস্থ ডিবি কার্যালয়ে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটেন। এমনকি উপকমিশনারের কার্যালয় ও ডিউটি অফিসার একে অপরকে দেখিয়ে দায়িত্ব এড়িয়ে যান। পরবর্তীতে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, উদ্ধারকৃত মাদকের সঠিক পরিমাণ এবং আটকের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক প্রথাগত সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
Leave a comment