বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে একই দলের হয়ে খেলানোর পরিকল্পনা করছেন আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজ। নিজের বিদায়ী ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একসঙ্গে মাঠে নামানোর স্বপ্ন দেখছেন সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
আর্জেন্টিনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ওলগা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তেভেজ জানান, মেসি ও রোনালদোকে একই ম্যাচে খেলানোর উদ্যোগ তিনি নিজেই নেবেন। দুই তারকার সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি।
তেভেজের পরিকল্পনা অনুযায়ী, ম্যাচটি হতে পারে বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে। বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকুয়েলমের কাছ থেকেও আয়োজনের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন তিনি। আগামী ডিসেম্বরের ১২, ১৩ অথবা ১৯ তারিখের কোনো এক দিন ম্যাচটি আয়োজনের লক্ষ্য রয়েছে তাঁর।
তবে শুধু মেসি-রোনালদোকে নিয়েই পরিকল্পনা সীমাবদ্ধ রাখতে চান না তেভেজ। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস ও ওয়েস্ট হামের সাবেক এই তারকা তাঁর ক্যারিয়ারের প্রায় ৬০ জন বিশ্বসেরা ফুটবলারকে বিদায়ী ম্যাচে জড়ো করতে চান।
তাঁর পরিকল্পিত দলে গোলরক্ষক হিসেবে রয়েছেন এডউইন ভ্যান ডার সার ও জিয়ানলুইজি বুফন। রক্ষণভাগে রিও ফার্ডিনান্ড, নেমানিয়া ভিদিচ, জর্জিও কিয়েলিনি ও লিওনার্দো বোনুচ্চির মতো তারকাদের নাম রয়েছে। মাঝমাঠে আন্দ্রেয়া পিরলো, পল স্কোলস ও হুয়ান রোমান রিকুয়েলমে এবং আক্রমণভাগে মেসি, রোনালদো ও ওয়েন রুনিকে রাখতে চান তেভেজ।
তবে এখনো কোনো খেলোয়াড়ের কাছ থেকেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সম্মতি পাওয়া যায়নি। তেভেজের পরিকল্পনা অনুযায়ী, এক দলে থাকবে তাঁর শৈশবের বন্ধুদের নিয়ে গড়া দল, অন্যদিকে খেলবেন তাঁর সাবেক তারকা সতীর্থরা।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ফুটবলপ্রেমীরা বিরল এক দৃশ্যের সাক্ষী হতে পারেন—একই জার্সিতে মেসি ও রোনালদো। এতদিন যাঁদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ফুটবল বিশ্ব বিভক্ত ছিল, সেই দুই তারকাকে এবার একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে।
Leave a comment