আট বছর বন্ধ থাকার পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবার বিদেশি এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওমানের বেসরকারি বিমান সংস্থা সালামএয়ার সিলেট–মাসকাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দীর্ঘদিন ধরে কোনো বিদেশি এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট ছিল না। দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই ২০১৫ সালে সিলেট–দুবাই রুটে ফ্লাইট চালু করেছিল। তবে পরিচালনাগত সমস্যার কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে এ রুটে তাদের ফ্লাইট বন্ধ হয়ে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে সালামএয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। এতে সিলেট অঞ্চলের ওমানপ্রবাসীরা সরাসরি যাতায়াতের সুযোগ পাবেন। পাশাপাশি তুলনামূলক কম ভাড়ায় ভ্রমণের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, সালামএয়ার প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
সালামএয়ারের সিলেটের এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি বলেন, বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটি সপ্তাহে মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে ৭টি এবং সিলেট থেকে ৩টি ফ্লাইট থাকবে।
সালামএয়ারের সিলেট–মাসকাট ফ্লাইট চালুর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর ওসমানী বিমানবন্দরে বিদেশি এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট আবার শুরু হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চলতি বছরের শেষ নাগাদ আরও কয়েকটি বিদেশি এয়ারলাইনস সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালু করতে পারে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার, সৌদি আরব, কাতার, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা এয়ারলাইনসও সৌদি আরবের মক্কা ও মদিনায় সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।
এদিকে ফ্লাইদুবাই আবারও সিলেট থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইনস এয়ার আরাবিয়াও সিলেট থেকে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে এসব ফ্লাইট চালু হতে পারে বলে জানা গেছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে ইতিমধ্যে রানওয়ে সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নকাজ করা হয়েছে। কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে রানওয়ে সম্প্রসারণের পাশাপাশি আধুনিক ওয়্যারহাউস নির্মাণ করা হয়েছে। নতুন টার্মিনাল ভবনসহ আরও কিছু উন্নয়নকাজ চলমান রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিমানবন্দরের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদেশি এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট চালু হলে সিলেটের বিপুলসংখ্যক প্রবাসী সরাসরি উপকৃত হবেন। এতে সিলেটের সঙ্গে বিভিন্ন দেশের যোগাযোগও আরও সহজ হবে।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেটের সাবেক সভাপতি আবদুল জব্বার জলিল বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতার পূর্ণ ব্যবহার এখনো নিশ্চিত হয়নি। দীর্ঘদিন ধরে সিলেটবাসী বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট চালুর দাবি জানিয়ে আসছেন। সালামএয়ারের ফ্লাইট চালু হলে প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে।
Leave a comment