লিঙ্গান্তরের পর অবশেষে ক্রিকেটে ফেরার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন অনয়া বাঙ্গার। ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়াকে নারী ক্রিকেটের বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
তবে অস্ট্রেলিয়ার এই অনুমতি পেলেও ভারতের ঘরোয়া বা আন্তর্জাতিক নারী ক্রিকেটে খেলার জন্য এখনো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমোদন পাননি অনয়া। তাঁর লক্ষ্য অবশ্য স্পষ্ট—একদিন ভারতের নারী ক্রিকেট দলের হয়ে খেলে দেশকে বিশ্বকাপ জেতানো।
‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সেই স্বপ্নের কথা জানিয়েছেন অনয়া। তিনি বলেন, ‘আমি আশা করব, বিসিসিআই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং একদিন ভারতের নারী দলে খেলার সুযোগ পাব। দেশের হয়ে বিশ্বকাপ জেতাই আমার চূড়ান্ত লক্ষ্য।’
লিঙ্গান্তরের পর ক্রিকেটে ফেরার পথটা অনয়ার জন্য সহজ ছিল না। বিসিসিআইয়ের অবস্থান তাঁকে হতাশ করেছে বলেও জানিয়েছেন তিনি। অনয়ার ভাষায়, ‘বোর্ড শুরু থেকেই আমার প্রতি নীরব ছিল। এতে ভীষণ হতাশ হয়েছি, মন ভেঙে গেছে।’
তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী অনয়া। তাঁর প্রত্যাশা, তাঁকে কেন্দ্র করে ভারতে লিঙ্গান্তরিত ক্রিকেটারদের জন্য নতুন নীতি তৈরি হবে। তিনি বলেন, ‘জানতাম, রূপান্তরিত হলে ক্রিকেট থেকে দূরে সরে যেতে হতে পারে। তবে আশা করি, এবার তারা আমাদের মতো ক্রিকেটারদের নিয়ে নতুন নীতি তৈরি করবে, কারণ ভারতে আমিই প্রথম।’
Leave a comment