গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও কোনাবাড়ী স্টেশনের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে কারখানার হারবাল সেকশনে আগুনের সূত্রপাত হয়। পরে তা কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিনির্বাপণ অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে শ্রমিক-কর্মচারীরা কারখানা থেকে বেরিয়ে নিরাপদ স্থানে চলে যান। এ সময় কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থা ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন শ্রমিকেরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম জানান, আগুন নেভাতে শুরুতে তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে সহায়তার জন্য আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। প্রথমে কাজ শুরু করা ইউনিটগুলোর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Leave a comment