অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি নির্মাণের পরিকল্পনার বিরোধিতা করেছে বেলজিয়াম। দেশটি ইসরায়েলের ই-১ বসতি প্রকল্পে নির্মাণকাজের জন্য দরপত্র আহ্বানের সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে। ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে।
বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো বলেছেন, ইসরায়েলের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। একই সঙ্গে এটি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি বলেন, ‘ইসরায়েলি বসতিগুলো অবৈধ।’
ই-১ প্রকল্প বন্ধ এবং বসতি সম্প্রসারণ ঠেকানোর আহ্বান জানিয়ে ১১টি দেশ যৌথ বিবৃতিও দিয়েছে। বেলজিয়ামের সঙ্গে অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা, ফ্রান্স, ইতালি, নরওয়ে, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও সুইডেন ওই বিবৃতিতে স্বাক্ষর করেছে।
দেশগুলো সতর্ক করে বলেছে, ই-১ এলাকায় বসতি নির্মাণ করা হলে পশ্চিম তীর কার্যত বিভক্ত হয়ে পড়বে। এতে ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় ভৌগোলিক সংযোগও বাধাগ্রস্ত হবে।
গত ১৮ আগস্ট ইসরায়েল ই-১ এলাকায় ১ হাজার ২৩৪টি আবাসিক ইউনিট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। পুরো প্রকল্পে প্রায় ৩ হাজার ৪০১টি বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ই-১ অঞ্চলটি অধিকৃত পূর্ব জেরুজালেম ও ইসরায়েলি বসতি মালে আদুমিমের মাঝখানে অবস্থিত। ইসরায়েলের বসতি সম্প্রসারণের কারণে ফিলিস্তিনিদের উত্তর ও দক্ষিণ পশ্চিম তীরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে দীর্ঘদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছে আন্তর্জাতিক মহল।
ইসরায়েলি মানবাধিকার সংগঠন ইর আমিম, বিমকম ও পিস নাউ এবং ফিলিস্তিনি বাসিন্দারা প্রকল্পটির বিরুদ্ধে জরুরি আবেদন করেছেন। আইনি চ্যালেঞ্জের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজের দরপত্র স্থগিত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ আন্তর্জাতিক আইনের আওতায় অবৈধ বলে মনে করে। তবে ইসরায়েল এ অবস্থান প্রত্যাখ্যান করে।
সূত্র: শাফাক নিউজ
Leave a comment