নিয়মিত রক্ষণাবেক্ষণ ও গ্যাস–সংকটের কারণে দেশের ৪১টি বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ রয়েছে। চালু থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর অধিকাংশও সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। এতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়ে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে।
শিল্পাঞ্চলগুলোতেও বিদ্যুৎ–সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্রামাঞ্চলে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। কোথাও একবার বিদ্যুৎ চলে গেলে কয়েক ঘণ্টাতেও ফিরছে না। তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ।
বিতরণ কোম্পানিগুলোর সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লোডশেডিং আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গড়ে প্রায় ৩ হাজার মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ লোডশেডিংয়ের নতুন রেকর্ড হয়েছে।
গত রোববার বিকেল ৩টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৬৭১ মেগাওয়াট। একই দিন রাত ১টায় তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৭৫৭ মেগাওয়াটে। এর আগে ৩ আগস্ট রাত ১টায় সর্বোচ্চ লোডশেডিং হয়েছিল ৩ হাজার ৫১২ মেগাওয়াট।
এরও আগে ২০২৩ সালের ২৭ জুন আওয়ামী লীগ সরকারের সময়ে সর্বোচ্চ লোডশেডিং হয়েছিল ৩ হাজার ৪১৯ মেগাওয়াট।
বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার অন্যতম কারণ বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকা ও গ্যাসের সংকট। চাহিদার তুলনায় বিদ্যুৎকেন্দ্রগুলো এক-তৃতীয়াংশেরও কম গ্যাস পাচ্ছে। এর সঙ্গে কয়লা সরবরাহের সংকটও যুক্ত হয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।
বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। এর প্রভাব পড়ছে শিল্প ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও।
Leave a comment