পবিত্র মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তাদের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
মক্কায় অনুষ্ঠিত এক যৌথ প্রতিরক্ষা সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতায় আগ্রহী অন্যান্য ‘ভ্রাতৃপ্রতিম’ দেশও চাইলে এতে যোগ দিতে পারবে।
এরদোয়ান বলেন, চুক্তিটি তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে। পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে যৌথ প্রকল্প বাস্তবায়ন এবং সন্ত্রাসবাদ মোকাবিলায়ও ভূমিকা রাখবে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, এই চুক্তি তিন দেশের ভ্রাতৃত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্কের গভীরতার প্রতিফলন। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যৌথভাবে কাজ করার রাজনৈতিক সদিচ্ছারও বহিঃপ্রকাশ এটি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির মূল লক্ষ্য হলো তিন দেশের সম্মিলিত প্রতিরোধক্ষমতা জোরদার করা। একই সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র আরও বিস্তৃত করাও এর অন্যতম উদ্দেশ্য।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তিটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। তাঁর ভাষায়, এটি তিন দেশের জন্য একটি ‘শান্তির ঢাল’ হিসেবে কাজ করবে এবং বৃহত্তর মুসলিম বিশ্বে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
চুক্তিটিকে তিন দেশের মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: ডন ও জিও নিউজ
Leave a comment