Home জাতীয় অপরাধ মেসিকে হত্যার হুমকি, ছিল আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাও
অপরাধআন্তর্জাতিকবিনোদন

মেসিকে হত্যার হুমকি, ছিল আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাও

Share
Share

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এমনকি তাঁকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনার কথাও পুলিশের নথিতে উঠে এসেছে। একই সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পেসহ কয়েকজন তারকা ফুটবলার, কোচ, রেফারি ও কর্মকর্তাও হুমকি ও হয়রানির শিকার হয়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ইনফরমাসিওন (Informacion.es) পুলিশের ওই নথি প্রকাশ করেছে। পরে ডেইলি স্টারও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। পুলিশের নথি অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা খেলোয়াড়দের একজন ছিলেন মেসি।

একটি ঘটনায় মেসিকে হত্যার হুমকি দিয়ে এক ব্যক্তি বলেছিলেন, তিনি আটলান্টার স্টেডিয়ামে ঢুকে শরীরে চারটি বোমা বেঁধে মেসিকে হত্যা করবেন। ৭ জুলাই মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচকে কেন্দ্র করেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একই ধরনের হুমকি দেওয়া হয়।

আরেক ঘটনায় ডালাস বিমানবন্দরে এক ব্যক্তি ফোন করে দাবি করেন, তিনি আরও দুজনের সঙ্গে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। তাঁদের কাছে নিজেদের তৈরি বোমা এবং একটি এআর-১৫ রাইফেল রয়েছে বলেও তিনি দাবি করেন। পুলিশের নথি অনুযায়ী, ওই ব্যক্তি দুই দলের খেলোয়াড় ও পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার কথা বলেছিলেন এবং বিশেষভাবে মেসির নাম উল্লেখ করেছিলেন।

ম্যাচ চলাকালে আরেক ব্যক্তি পুলিশকে ফোন করে দাবি করেন, স্টেডিয়ামের একটি আবর্জনার ঝুড়িতে তিনি তিনটি বোমা রেখে গেছেন। পরে বিস্ফোরক শনাক্তকারী বিশেষজ্ঞ, প্রশিক্ষিত কুকুর ও তাদের হ্যান্ডলাররা স্টেডিয়ামে তল্লাশি চালান। তবে ওই দাবির সত্যতা সম্পর্কে নথিতে বিস্তারিত কিছু বলা হয়নি।

বিশ্বকাপের নিরাপত্তায় এফবিআই ও আইপিসিসির নেতৃত্বে একটি যৌথ নিরাপত্তা নেটওয়ার্ক কাজ করেছিল বলে পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে। সন্ত্রাসী হুমকি, খেলোয়াড়দের অনুসরণ এবং খেলোয়াড় ও তাঁদের পরিবারের বিরুদ্ধে সহিংসতার হুমকিও তারা পর্যবেক্ষণ করে।

রোনালদোকেও বিশ্বকাপজুড়ে অনুসরণ ও হয়রানির মুখে পড়তে হয়েছে। ১৪ জুন ফিফার এক কর্মী রোনালদোর অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়া এক সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে কর্তৃপক্ষকে জানান। দুই দিন পর হিউস্টন পুলিশ ওই ব্যক্তিকে রোনালদোর হোটেল থেকে গ্রেপ্তার করে।

কানাডার টরন্টোতেও একই ধরনের ঘটনা ঘটে। সেখানে এক ব্যক্তি রোনালদোর সঙ্গে একই লিফটে ওঠার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি দাবি করেছিলেন, তিনি শুধু রোনালদোর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। মিয়ামিতেও এক ব্যক্তি রোনালদোর কাছে যাওয়ার চেষ্টা করেন। এ ছাড়া পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে রোনালদোর জার্সি পরা এক ব্যক্তি মাঠে ঢুকে পড়েন।

পুলিশের নথিতে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে হুমকির কথাও রয়েছে। প্যারাগুয়ের গোলরক্ষকের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির পর এমবাপ্পে বিদ্বেষমূলক ও জাতিবিদ্বেষী মন্তব্যের শিকার হন। প্যারাগুয়ের একজন সিনেটরও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমন একটি পোস্টে ‘লাইক’ দিয়েছিলেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দৈনিক প্রতিবেদনে বলা হয়, ৫ ও ৬ জুলাই প্যারাগুয়েতে এমবাপ্পের ছবি ব্যবহার করে তৈরি একটি পুতুল পুড়িয়ে তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ম্যাচে ভুল করার কারণেও কয়েকজন খেলোয়াড় মৃত্যুর হুমকি পান। নরওয়ের আলেকজান্ডার সোরলোথ গোলের সুযোগ নষ্ট করার পর তিনি ও তাঁর স্ত্রী হুমকির শিকার হন। কলম্বিয়ার জামিন্তন কাম্পাজ পেনাল্টি মিস করার পর হুমকি পান। নিরাপত্তার কারণে বিশ্বকাপ শেষে সতীর্থদের সঙ্গে দেশে ফিরতে পারেননি তিনি। ফ্রান্সের ডিফেন্ডার লুকাস দিনিয়েকেও হুমকি দেওয়া হয়।

দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং-বো এবং পুরো দলও মৃত্যুর হুমকি পায়। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর নিরাপত্তার কারণে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের পাহারায় দলটিকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

এ ছাড়া ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের কাছে ছয় হাজারের বেশি হোয়াটসঅ্যাপ বার্তায় হুমকি পাঠানো হয়েছিল বলে পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে।

এসব ঘটনায় বিশ্বকাপজুড়ে খেলোয়াড়, কোচ, রেফারি ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক...

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও মিত্রদের থেকে আদায় করতে চান ট্রাম্প, কতটা বাস্তবসম্মত?

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পরও নানা বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার...

উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি, আতঙ্কে দোকানপাট বন্ধ

কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা...

;