পশ্চিমবঙ্গে মসজিদে আজানের জন্য ব্যবহৃত লাউডস্পিকার অপসারণকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মুসলিম সংগঠন ও মসজিদ পরিচালনা কমিটির অভিযোগ, আজানের জন্য ব্যবহৃত লাউডস্পিকার সরিয়ে ফেলতে স্থানীয় প্রশাসন ও পুলিশ চাপ দিচ্ছে। তবে রাজ্য সরকার বলছে, আদালতের নির্দেশনা অনুযায়ী শব্দদূষণবিষয়ক বিধি বাস্তবায়নের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় মসজিদ পরিচালনা কমিটিকে মৌখিকভাবে লাউডস্পিকার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের একাংশের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী শুক্রবার বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে উত্থাপন করার পরিকল্পনা করেছে।
এদিকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী তিন সংসদ সদস্য—ইউসুফ পাঠান, খলিলুর রহমান ও আবু তাহের খান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে তাঁরা ধর্মীয় স্বাধীনতা রক্ষার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে শব্দদূষণবিষয়ক বিধি কার্যকরের আহ্বান জানান।
ইন্ডিয়া টুডে-এর খবরে বলা হয়, ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে আদালতের নির্দেশনা অনুযায়ী সব ধর্মীয় প্রতিষ্ঠানে শব্দদূষণবিষয়ক বিধি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। বিধি অনুযায়ী, দিনে সর্বোচ্চ ৫৫ ডেসিবেল এবং রাতে সর্বোচ্চ ৪৫ ডেসিবেল শব্দের অনুমতি রয়েছে।
অন্যদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পুলিশকে নির্ধারিত ডেসিবেলসীমা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকজন ইমামের ভাষ্য, মসজিদ পরিচালনা কমিটিগুলোকে প্রচলিত লাউডস্পিকারের পরিবর্তে নির্ধারিত মানসম্পন্ন সাউন্ড সিস্টেম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
বিতর্কের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তাঁর সরকার শুধু আদালতের নির্দেশ বাস্তবায়ন করছে। তাঁর ভাষ্য, মসজিদ ও মন্দির—উভয় ক্ষেত্রেই শব্দ নিজ নিজ প্রাঙ্গণের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে এবং বাইরে ছড়িয়ে পড়া যাবে না।
মুখ্যমন্ত্রী জানান, পুলিশের তদারকিতে মসজিদ ও মন্দির মিলিয়ে মোট ৫ হাজার ২৯৯টি লাউডস্পিকার অপসারণ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২০৩টি মসজিদ এবং ১ হাজার ৯৬টি মন্দির থেকে সরানো হয়েছে। তিনি আরও দাবি করেন, এ প্রক্রিয়ায় পুলিশকে কঠোর আচরণ না করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং অধিকাংশ মসজিদ পরিচালনা কমিটি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছে।
তবে জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও তৃণমূল নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী অভিযোগ করেছেন, বিভিন্ন মসজিদে গিয়ে পুলিশ সদস্যরা লাউডস্পিকার খুলে ফেলতে চাপ দিয়েছেন। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি।
ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন, তিনি এ বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, লাউডস্পিকার অপসারণে কোনো আনুষ্ঠানিক নির্দেশ জারি করা হয়েছিল কি না।
চিঠিতে তিনি বলেন, অনেক মসজিদ কমিটি ইতোমধ্যে লাউডস্পিকারের শব্দ নির্ধারিত সীমায় নামিয়ে এনেছে। যারা বিধি লঙ্ঘন করছে, তাদের আনুষ্ঠানিক নোটিশ দিয়ে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি শব্দদূষণবিষয়ক বিধি বাস্তবায়নে একটি মানসম্মত কার্যপদ্ধতি (এসওপি) প্রণয়ন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্তের দাবি জানান তিনি।
অন্যদিকে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য বিরোধীদের সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, গণতান্ত্রিক দেশে সবাই প্রতিবাদের অধিকার রাখে। তবে রাজনৈতিক দলগুলোর দ্বৈত মানদণ্ড পরিহার করা উচিত।
Leave a comment