কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের সময় ফেসবুক পেজে অনাকাঙ্ক্ষিত একটি মন্তব্য প্রকাশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দৈনিক কালবেলা কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনাটিকে সম্পাদকীয় নীতিমালার পরিপন্থি উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মীকে চাকরি থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার গণমাধ্যমটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট কর্মী দাবি করেছেন, তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করছেন মনে করে ভুলবশত প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে মন্তব্যটি করেন। তবে তাঁর এ ব্যাখ্যা সন্তোষজনক মনে না হওয়ায় তাঁকে দ্রুত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই মন্তব্যটি মুছে ফেলা হয় এবং সংশ্লিষ্ট কর্মীকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ঘটনার তদন্ত শেষে পেশাগত দায়িত্ব পালনে গুরুতর অবহেলার অভিযোগে তাঁকে চাকরি থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবৃতিতে কালবেলা কর্তৃপক্ষ পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছে এ ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সম্পাদকীয় তদারকি ও ডিজিটাল প্রকাশনা ব্যবস্থাপনায় আরও কঠোর নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।
Leave a comment