পটুয়াখালীর কুয়াকাটায় এক স্কুলছাত্রীর সঙ্গে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় অভিযুক্ত বিদ্যালয়ের এক অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্ত জলিলুর রহমান কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলিলুর রহমান বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত থাকার পাশাপাশি ওই শিক্ষার্থীকে ইংরেজি বিষয়ে ব্যক্তিগতভাবে পড়াতেন। একপর্যায়ে তাঁদের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। পরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, এর আগেও শিক্ষার্থীদের সঙ্গে জলিলুর রহমানের অনৈতিক আচরণের অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম বলেন, অভিযোগ ওঠার পর গত সোমবার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে প্রায় তিন মাস আগে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছিল।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে বিদ্যালয়, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a comment