মো. গোলাম কিবরিয়া, রাজশাহী
রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে নগরীর শাহমখদুম থানা এলাকার পল্লবী আবাসিক এলাকার পাশে গাংপাড়া কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক সহকর্মীর বাসায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত সম্রাটের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তাঁর মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
ইব্রাহিম হোসেন সম্রাট বাংলাদেশ মেইল ২৪, দৈনিক সময়ের কাগজ, দৈনিক গণকণ্ঠ ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকায় কর্মরত। তিনি রাজশাহী নগরের বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার বাসিন্দা। সংবাদ লেখা পর্যন্ত তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় সাংবাদিক আবির শেখ অভিযোগ করেন, অবৈধ পুকুর খনন-সংক্রান্ত সংবাদ প্রকাশ এবং ছবি-ভিডিও ধারণের জেরে হামলার ঘটনা ঘটেছে। তাঁর দাবি, রাজশাহী সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা দুলাল ও হিরার নেতৃত্বে একদল ব্যক্তি এ হামলা চালায়। হামলায় তিনি, তাঁর ছোট ভাই আব্রাহাম (৯), বড় বোন কারিমা (১৯), মা আফরোজা বেগম (৪২) ও দাদি সোনিয়া (৭০) আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
Leave a comment