ম্যাচের আগে স্কোরলাইন নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকে। তবে কোনো খেলোয়াড়ের করা ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গেলে তা আলাদা আলোচনার জন্ম দেয়। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে এমনই এক ঘটনা ঘটেছে, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি।
বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে আলাপচারিতায় আর্জেন্টিনার ৩–০ গোলের জয়ের কথা বলেছিলেন মেসি। পরে মাঠে নেমে সেই ভবিষ্যদ্বাণী শুধু সত্যিই হয়নি, তিনটি গোলই এসেছে তার পা থেকে।
কানসাস সিটিতে গ্রুপ ‘জি’-এর ম্যাচে আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। দুর্দান্ত হ্যাটট্রিকে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন মেসি।
এটি বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক। একই সঙ্গে তিনি স্পর্শ করেন একাধিক মাইলফলকও। এই ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসান আর্জেন্টাইন এই মহাতারকা।
৩৯ বছরে পা রাখতে যাওয়া মেসির জন্য ম্যাচটি ছিল আরও বিশেষ। আর্জেন্টিনার জার্সিতে এটি তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করে এই ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা দাঁড়ায় ১২০-এ।
ম্যাচ শেষে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো জানান, ম্যাচের আগেই ৩–০ ব্যবধানে জয়ের কথা বলেছিলেন মেসি। পরে অধিনায়ক নিজেই হ্যাটট্রিক করে সেই ভবিষ্যদ্বাণী বাস্তবায়ন করেন।
হাসতে হাসতে রোমেরো বলেন, “মজার ব্যাপার হলো, মেসি এই ব্যবধানেই জিততে চেয়েছিল। কারণ ম্যাচের আগে সে ৩–০ স্কোরলাইনের কথাই বলেছিল।”
Leave a comment