মো. ইয়াসিন সরকার, কুমিল্লা
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ফুটপাত দখল ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চার দোকানিকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে উপজেলা সদর এলাকায় এ অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান।
অভিযানকালে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিন দোকানিকে তিন হাজার টাকা করে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অবৈধভাবে ফুটপাত দখল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে অপর এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলা সদরকে যানজটমুক্ত রাখা এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, নিয়মিত তদারকির মাধ্যমে ফুটপাত দখলমুক্ত রাখা গেলে উপজেলা সদরে যানজট অনেকাংশে কমে আসবে।
Leave a comment