দেশে যখন সরকারি হাসপাতালেও ডায়ালাইসিস করাতে রোগীদের গুনতে হচ্ছে হাজার হাজার টাকা, তখন রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকায় মাত্র ৫০০ টাকায় ডায়ালাইসিস সেবা দিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে হিউম্যান এইড রিসার্চ ল্যাব অ্যান্ড হসপিটাল।
স্বল্প আয়ের কিডনি রোগীদের জন্য এই সেবা এখন হয়ে উঠেছে আশার আলো। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন ২০ জন রোগীকে ডায়ালাইসিস সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে তাদের। এর মধ্যে আর্থিক অবস্থা বিবেচনায় ১০ জন রোগীকে মাত্র ৫০০ টাকায় ডায়ালাইসিস করানো হয়।
রোগী ও স্বজনরা বলছেন, যেখানে বেসরকারি হাসপাতালগুলোতে একটি ডায়ালাইসিস করাতেই কয়েক হাজার টাকা খরচ হয়, সেখানে এতো কম খরচে সেবা পাওয়া তাদের জন্য অনেক বড় সহায়তা।
শুধু কম খরচে ডায়ালাইসিসই নয়, হাসপাতালটিতে গরিব রোগীদের জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও দেওয়া হয়। ক্ষেত্রভেদে ওষুধও সরবরাহ করা হয় বিনামূল্যে। এছাড়া ভর্তি ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায়ও বিশেষ সহযোগিতা করা হয় অর্থ সংকটে থাকা রোগীদের।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল আলম পাটেয়ারী বলেন, আমরা চেষ্টা করছি নিম্ন আয়ের মানুষদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে। সীমিত সামর্থ্যের মধ্যেও গরিব রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডা. শেখ মইনুল ইসলাম বাংলাভিশনকে বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং সামর্থ্যবান ব্যক্তিদের অনুদানের মাধ্যমেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি ক্যান্সার আক্রান্ত নিম্ন আয়ের রোগীদের চিকিৎসাতেও সহায়তা করছে প্রতিষ্ঠানটি।
২০১০ সালে প্রতিষ্ঠিত হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন মূলত আলোচনায় আসে ২০১৯ সালে করোনা মহামারির সময়। সে সময় করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দিয়ে প্রশংসা কুড়ায় প্রতিষ্ঠানটি। বস্তির ছোট ছোট ঘর থেকে শুরু হওয়া সেই সেবামূলক কার্যক্রম এখন নিম্ন আয়ের মানুষের চিকিৎসার অন্যতম ভরসার জায়গায় পরিণত হয়েছে
Leave a comment