কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চলমান সংঘাতের ইতি টানতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন তথ্য জানিয়েছেন তিনি নিজেই তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প তাঁর সহযোগীদের স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধ এড়িয়ে যেতে চান। তাঁর মূল্যায়নে, বর্তমান সংঘাত ইতোমধ্যে ‘শেষ পর্যায়ে’ পৌঁছেছে এবং জনসমক্ষে ঘোষিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এই সংঘাত ট্রাম্প প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের কাজকে ব্যাহত করছে বলে মনে করছেন তিনি। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোটারদের উদ্বেগ এসব বিষয় এখন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টাদের একটি অংশও চান, প্রেসিডেন্ট যেন দ্রুত যুদ্ধ পরিস্থিতি থেকে সরে এসে অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় বেশি মনোযোগ দেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হোয়াইট হাউস আগামী মে মাসের মাঝামাঝি সময়ে ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই সফরের আগেই ইরান-সংঘাতের একটি সমাপ্তি টানার লক্ষ্য নিয়ে এগোচ্ছে মার্কিন প্রশাসন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। রাজধানী তেহরানসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে চালানো ওই হামলার পেছনে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকির যুক্তি তুলে ধরে হোয়াইট হাউস। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও আঘাত হানা হয়, যা পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
Leave a comment