সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল (আগমন) ইমিগ্রেশন বিভাগের সার্ভার কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে রাত ১২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয় এবং প্রায় আধা ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার কক্ষ (কাস্টমসের ওপরের তলা) থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
Leave a comment