৪৫তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা আগামী শনিবার সকাল ১০টার মধ্যে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন। এ সময়ের মধ্যে যৌক্তিক সমাধান না হলে ওই দিন রাজধানীর শাহবাগে ‘আত্মাহুতি’র কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে গেজেটবঞ্চিত চাকরিপ্রত্যাশীরা অভিযোগ করেন, নিয়োগপ্রক্রিয়ার সব ধাপ পেরিয়ে পিএসসির সুপারিশ পেলেও তাঁদের গেজেটভুক্ত করা হয়নি। তাঁদের দাবি, বাদ পড়া প্রার্থীদের বড় একটি অংশ ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে সক্রিয় ছিলেন। তাঁদের কারও বিরুদ্ধে ফৌজদারি বা রাষ্ট্রবিরোধী অভিযোগ নেই বলেও দাবি করেন তাঁরা।
গেজেটবঞ্চিত নূরে আলম নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি ৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে সুপারিশ পেয়ে বর্তমানে সহকারী পরিচালক পদে কর্মরত। কিন্তু ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশ পেলেও তাঁকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। ৪৪তম বিসিএসে চাকরির ক্ষেত্রে ছাড়পত্র পেলেও ৪৫তম বিসিএসে কেন বাদ পড়লেন, সে বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন তিনি।
আরেক প্রার্থী একরাম গাজী হৃদয় বলেন, তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েও গেজেটভুক্ত হতে পারেননি। তাঁর দাবি, সেখানে উপস্থিত কারও বিরুদ্ধে মামলা বা অপরাধের রেকর্ড নেই। রাজনৈতিক কারণে কাউকে বঞ্চিত না করার বিষয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাঁদের সবাইকে নিয়োগের আওতায় আনার আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের নিয়োগসংক্রান্ত গেজেট প্রকাশ করে। এতে পিএসসির সুপারিশ করা ১ হাজার ৮০৭ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। সে হিসাবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে ১০৫ জন গেজেটে স্থান পাননি।
তবে আন্দোলনকারীদের দাবি, সুপারিশপ্রাপ্ত অনেক প্রার্থী পরবর্তী প্রক্রিয়ায় অংশ নেননি। ক
Leave a comment