মো. গোলাম কিবরিয়া, রাজশাহী
রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়তে শুরু করেছে। ভারতের উজান থেকে নেমে আসা ঢলের কারণে গত ২৪ ঘণ্টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি ৩১ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে পানি প্রবাহিত হচ্ছে ১০ দশমিক ৯০ মিটার উচ্চতায়, যা চলতি মৌসুমের সর্বোচ্চ বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
রোববার সকাল ৯টায় রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পানি পরিমাপের পর এ তথ্য জানায় পাউবো।
পাউবো সূত্রে জানা গেছে, জুন মাসের শেষ দিক থেকে রাজশাহীতে পদ্মার পানি বাড়তে শুরু করে। গত শনিবার সকাল ৯টায় পানি ছিল ১০ দশমিক ৫৯ মিটার। এক দিনের ব্যবধানে তা বেড়ে ১০ দশমিক ৯০ মিটারে পৌঁছেছে।
এর আগে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত পদ্মার পানি ১০ দশমিক ৩৪ মিটার উচ্চতায় স্থিতিশীল ছিল। পরে ১০ জুলাই থেকে আবার পানি বাড়তে শুরু করে। ওই দিন পানি ছিল ১০ দশমিক ৪১ মিটার।
সরেজমিনে দেখা গেছে, পদ্মা নদীর বুকে জেগে ওঠা ছোট ছোট চরগুলোতে পানি উঠতে শুরু করেছে। নদীতে ভেসে আসছে প্রচুর কচুরিপানা।
নৌকার মাঝি সাইফুল ইসলাম বলেন, কয়েক দিন ধরেই পদ্মার পানি বাড়ছে। নতুন পানির সঙ্গে কচুরিপানাও ভেসে আসছে। বর্ষাকালে এমনটা স্বাভাবিক। শ্রাবণ মাসে সাধারণত আরও বেশি পানি বাড়ে।
পদ্মাপাড়ের সাতবাড়িয়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে কচুরিপানাও ভেসে আসে। বছরের অন্য সময়ে এমন দৃশ্য দেখা যায় না।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, পদ্মার পানি ধীরে ধীরে বাড়ছে। রোববার সকাল ৯টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ১০ দশমিক ৯০ মিটার রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে পদ্মা নদীর বিপৎসীমা ১৮ দশমিক ৫০ মিটার। বর্তমানে নদীর পানি বিপৎসীমার ৭ দশমিক ৬০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
Leave a comment