রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৪) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কাঁঠালবাগান এলাকা থেকে পুলিশ তাকে আটক করে এবং হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাও উদ্ধার করা হয়।
বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগ রায়েরবাজারে ঘটনাটি ঘটে, যখন বিন্তি তার ছোট ভাই নাবিলের সঙ্গে বাইরে যায়। বাসার নিচে হইচই শুনে স্বজনরা নেমে আসেন পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বিন্তির বাবা বেল্লাল হোসেন জানান, তাদের বাসা রায়েরবাজার হায়দার হোটেলের গলিতে। তিনি বলেন, “রাতে বিন্তি তার ছোট ভাইয়ের সঙ্গে বাইরে যায়। কিছুক্ষণ পর বাসার নিচে হইচই শুনে দেখি কে বা করা আমার মেয়ে বিন্তিকে কুপিয়ে ফেলে গেছে।”
নিহতের মা নাদিয়া বেগম বলেন, “তিন-চার বছর আগে থেকে সিয়াম মোবাইলে ডিস্টার্ব করত বিন্তিকে। আজকে আমার মেয়েকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি খুনি সিয়ামের ফাঁসি চাই।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের কাঁধ ও পিঠে একাধিক জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ থানা পুলিশ ঘটনার তদন্ত করছে।
Leave a comment