লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা নিলুফার ইয়াসমিন (৪২) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির স্থানীয় সময় সকালে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরের একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রবাসী সূত্র জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও লি কাউন্টি ইএমএস। পরে সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রথমে একটি কালো গাড়ির কাচ ভাঙচুর করে। পরে দোকান থেকে বের হয়ে আসা ইয়াসমিনের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথম আঘাতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী তার মাথায় একাধিকবার আঘাত করে পালিয়ে যায়।
প্রবাসী সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। কে-৯ ইউনিট ও শেরিফের এভিয়েশন ইউনিট অভিযানে অংশ নেয়। নিরাপত্তার কারণে আশপাশের তিনটি স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়। প্রাথমিকভাবে হামলাকারী পালিয়ে গেলেও পরে তাকে শনাক্ত করে বিকেলে গ্রেপ্তার করা হয়।
প্রবাসী লক্ষ্মীপুরের বাসিন্দা শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া নিহতের ভাই ও কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিক একই তথ্য জানান। ইয়াসমিনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
Leave a comment