রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। ছিনতাইকারীরা তার আইফোন ছিনিয়ে নেওয়ার সময় পাসওয়ার্ডও জেনে নেয়।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে হাঁটার সময় এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তিনজন ছিনতাইকারী চাপাতি ও সামুরাই ধরনের ধারালো অস্ত্র দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, প্রায় ২০ হাজার টাকা থাকা মানিব্যাগ এবং একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়।
আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে ছিনতাইকারীরা তাকে মারধর করে। ধারালো অস্ত্রের উল্টো দিক দিয়ে আঘাত করা হয় এবং বাম চোখে ঘুষি মেরে তাকে জখম করা হয়। পরে বাধ্য হয়ে তিনি পাসওয়ার্ড জানিয়ে দেন।
ছিনতাইকারীদের হামলায় আহত মোতাহার হোসেন বর্তমানে সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় তার স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল রোববার মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এখনো অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি। আশা করছি দ্রুত তাদের গ্রেপ্তার করা যাবে।
মামলায় আরও উল্লেখ করা হয়, ছিনতাই হওয়া মোবাইল ট্র্যাক করে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করে পুলিশকে জানানো হলে মোহাম্মদপুর থানার একটি টহল দল তাজমহল রোড এলাকায় গিয়ে তাদের ধরার চেষ্টা করে। তবে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার হোসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত থাকা অবস্থায় ২০২৪ সালের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Leave a comment