বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রায় এক মাস ধরে পাইপলাইনে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। নিয়মিত পানির বিল পরিশোধ করেও সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। খাবার পানি সংগ্রহের পাশাপাশি রান্না, গোসল ও গৃহস্থালির কাজ করতে হিমশিম খাচ্ছেন এলাকাবাসী।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, আগে পৌরসভার সরবরাহ করা পানি দিয়ে দৈনন্দিন প্রয়োজন মেটানো গেলেও প্রায় এক মাস ধরে পানি পাওয়া যাচ্ছে না। দিনে দুই বেলা পানি সরবরাহ করা হলেও এক বালতি পানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। অনেক বাড়িতে নিজস্ব পুকুর বা বিকল্প পানির উৎস না থাকায় সংকট আরও তীব্র হয়েছে। আশপাশের পুকুরের পানিও ব্যবহারের অনুপযোগী হওয়ায় বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করতে সমস্যায় পড়ছেন তাঁরা।
এলাকাবাসীর ভাষ্য, বৃষ্টির পানির ওপর নির্ভরশীলতা এবং সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত না হওয়ায় সংকট আরও প্রকট হয়েছে। পানি সংগ্রহে বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে নিম্ন আয়ের পরিবারগুলো বেশি ভোগান্তিতে পড়েছে। পানির অভাবে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে।
বাসিন্দাদের অভিযোগ, সংকট সমাধানে পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নিয়মিত বিল দিয়েও প্রয়োজনীয় পানি না পাওয়ায় তাঁরা ক্ষুব্ধ। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে বিশেষ করে শিশু ও বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি প্রয়োজনে জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহ এবং পাইপলাইনে ত্রুটি থাকলে তা শনাক্ত করে মেরামতের আহ্বান জানিয়েছেন তাঁরা।
এদিকে, এক মাস ধরে পানি সরবরাহ বন্ধ থাকার কারণ এবং সংকট নিরসনে পৌর কর্তৃপক্ষের উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
Leave a comment