দেশ গঠনে সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশ পরিবর্তনে মেধাবীদের এগিয়ে আসতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি সততা ও নৈতিকতার চর্চা করতে হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার সানাই কমিউনিটি সেন্টারে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুন্সীগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, অর্জিত যোগ্যতার সঙ্গে সততা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে দেশের দায়িত্ব পালন করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে এবং পিতা-মাতার প্রতি দায়িত্বশীল থাকতে হবে।
মুন্সীগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রিফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস। তিনি বলেন, শিক্ষার্থীদের আদর্শ ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থা কাজ করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কম্পিউটার প্রকৌশলী দিয়া মোহাম্মদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাবেক সভাপতি ডা. শাকিব হাসান বেলাল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ।
এ সময় মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ বায়েজিদ বোস্তামী, জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমির মো. নুরুল আমিন সিকদার, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
Leave a comment