কুমিল্লার মুরাদনগরে তিতাস নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে মো. আল আমিন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মুরাদনগর থানায় মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১১ নম্বর রামচন্দ্রপুর (দক্ষিণ) ইউনিয়নের বাহেরচর এলাকায় তিতাস নদীর পূর্ব পাড়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমিন কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের আবদুল রব মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আব্বাস কবির চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তিতাস নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মুরাদনগর থানায় মামলা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a comment