চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি। তবে টুর্নামেন্ট চলাকালেই তার সামনে এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা তৈরি হয়েছে।
আর্জেন্টিনা যদি বিশ্বকাপের ফাইনালে ওঠে, তবে ১৯ জুলাই পর্যন্ত খেলতে হবে মেসিকে। এর মাত্র ১০ দিন পর, ২৯ জুলাই অনুষ্ঠিত হবে মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচ। সে ক্ষেত্রে বিশ্রাম বা ক্লান্তির কারণে তিনি অল-স্টার ম্যাচে অংশ নিতে না-ও পারেন।
এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় উপযুক্ত বা অনুমোদিত চিকিৎসাজনিত কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নিলে পরবর্তী এমএলএস ম্যাচে তাকে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। এ তথ্য জানিয়েছে বোলাভিপ।
গত বছরও অতিরিক্ত ক্লান্তির কারণে অল-স্টার ম্যাচ থেকে নাম প্রত্যাহার করায় মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের এমএলএস নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছিল।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ আটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ গোল করে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি।
Leave a comment