জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তাঁর দাবি, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে একটি মহল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন নাছির বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েক দিন পর সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী পূজাকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল করার উদ্দেশ্যে মন্দিরের পাশে গরুর মাংস রান্না করেছেন বলে তিনি অভিযোগ করেন। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ছাত্রদলের এই নেতা আরও অভিযোগ করেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তাঁর দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস রান্না করা বা না করা নিয়ে যে প্রতিযোগিতা চলছে, তা জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের অংশ।
তিনি বলেন, ভারতে বিজেপি ও আরএসএস যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, একই ধরনের রাজনীতি বাংলাদেশেও প্রতিষ্ঠার চেষ্টা করছে জামায়াত-শিবির ও এনসিপি-ছাত্রশক্তি।
নাছির উদ্দীন নাছির বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। পূজাকে কেন্দ্র করে কোনো মহল উসকানি দিলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে পরিস্থিতি জটিল করার চেষ্টা করলে ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা মোকাবিলা করবে।
Leave a comment