রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়িটিতে দীর্ঘদিন ধরে মাদক গ্রহণ ও ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল।
সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারার পিওএইচএস-১ হাউজিংয়ে পুলিশ ফাঁড়িসংলগ্ন আড়াইতলা ভবনটিতে অভিযান শুরু হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযান চলে।
ডিবি সূত্রে জানা গেছে, বাড়িটিতে নিয়মিত মাদকের আসর বসত। পাশাপাশি আয়োজন করা হতো ডিজে পার্টি। বিভিন্ন বয়সী নারী-পুরুষ সেখানে যাতায়াত করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়।
অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক গ্রহণ ও অবৈধ ডিজে পার্টি চলছিল। অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়েছে।
অনলাইন প্ল্যাটফর্মে ভাড়া দেওয়া হতো কক্ষ
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির জানান, অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটির কক্ষ ভাড়া দেওয়া হতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ-তরুণীরা অনলাইনে কক্ষ বুকিং দিয়ে এসব পার্টিতে অংশ নিতেন।
তিনি আরও জানান, পার্টি থেকে আয়ের বড় একটি অংশ পেতেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির ও তাঁর স্টাফরা। একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে বাড়িটি পরিচালিত হতো। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে।
এদিকে মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আব্দুল্লাহ আল জহিরকে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখা থেকে সরিয়ে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে।
Leave a comment