এমরান হোসেন, জামালপুর | জামালপুরে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে জেলার ১৭টি তেলের পাম্পে একজন করে ট্যাগ কর্মকর্তা নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ডিপো থেকে পাম্পগুলোতে সরবরাহকৃত জ্বালানি তেলের পরিমাণ নিয়মিত তদারকি করবেন। পাশাপাশি প্রতিটি পাম্পে প্রতিদিন অন্তত তিনবার মজুদের হালনাগাদ তথ্য সংগ্রহ করবেন। পাম্প খোলা আছে কি না, স্টক নিবন্ধনপত্র সঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণ করা হচ্ছে কি না, প্রদর্শন বোর্ড রয়েছে কি না, গ্রাহকদের রসিদ দেওয়া হচ্ছে কি না এবং নির্ধারিত সীমা মেনে তেল বিক্রি করা হচ্ছে কি না—এসব বিষয়ও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
প্রশাসন আরও জানিয়েছে, জামালপুর সদর উপজেলায় ৮টি, মাদারগঞ্জে ২টি, সরিষাবাড়ীতে ৩টি, মেলান্দহে ১টি, ইসলামপুরে ১টি, দেওয়ানগঞ্জে ১টি এবং বকশীগঞ্জে ১টি পাম্পে মোট ১৭ জন ট্যাগ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আব্দুল্লাহ-বিন-রশিদ জানান, জ্বালানি তেলের বাজারে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধ এবং সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ ও নিয়ন্ত্রিত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “নজরদারি জোরদারের মাধ্যমে ভোক্তাদের স্বার্থ রক্ষা করা এবং বাজার স্থিতিশীল রাখাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।”
প্রশাসনের এই উদ্যোগে জ্বালানি তেল খাতে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ কমে আসবে বলেও মনে করা হচ্ছে।
Leave a comment