কক্সবাজারের ঈদগাঁওয়ে জেলা জামায়াত নেতার সঙ্গে জনচলাচলের রাস্তার ওপর বসে ইফতার করার ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে নিয়ে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
গত শুক্রবার উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ভোমরিয়াঘোনায় জনচলাচলের রাস্তার ওপর চাঞ্চল্যকর এই ইফতার অনুষ্ঠিত হয়। সেখানে এলাকাবাসীর সঙ্গে মাটিতে বসে একসঙ্গে ইফতার করতে দেখা যায় কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ও ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও বিএনপি নেতা আব্দুল হাকিম এবং ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ডা. এহছানুল হককে।
এ ইফতারের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্ত থেকেই একের পর এক ঘটনায় আলোচনার জন্ম দিয়ে আসছেন উপজেলা আওয়ামী লীগ নেতা সোহেল জাহান চৌধুরী। নির্বাচনের আগে আচমকা উঠান বৈঠক ডেকে তিনি ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন। ওই বৈঠকে জামায়াত নেতা মাওলানা ছৈয়দ নুর মোনাজাত পরিচালনা করলে বিষয়টি তুমুল আলোচনার সৃষ্টি করে।
এরপর ইউনিয়নের পালপাড়ায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর পরদিন ভোর রাতে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করলে উপজেলা জুড়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়।
নির্বাচনের পর জামিনে মুক্ত হয়ে তিনি জেল থেকে বেরিয়ে সরাসরি বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে নবনির্বাচিত দলীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। পরে সন্ধ্যায় এলাকায় পৌঁছালে শতশত ভক্ত ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের মালা ও ধানের শীষ দিয়ে বরণ করে নেন এবং নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। এ ঘটনাও এলাকায় নতুন করে আলোচনার জন্ম দেয়।
এরপর থেকে প্রায় নিয়মিত উপজেলার বিভিন্ন স্থানে অনেকটা নির্বাচনী গণসংযোগের মতো করে জনগণের সঙ্গে মতবিনিময় করে চলেছেন তিনি।
সবশেষ গত শুক্রবার জেলা জামায়াত নেতার সঙ্গে রাস্তায় বসে ইফতার করার ঘটনা সেই আলোচনা-সমালোচনায় নতুন মাত্রা যোগ করেছে। উপজেলার রাজনৈতিক বোদ্ধাদের অভিমত, সোহেল জাহান চৌধুরীর মাঠে-ময়দানে অব্যাহত বিচরণ উপজেলা বিএনপি ও জামায়াতের রাজনীতির মধ্যে নতুন কোনো মেরুকরণ সৃষ্টি করতে পারে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট-পরবর্তী সময়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী গা ঢাকা দিলেও সোহেল জাহান চৌধুরী নির্বিঘ্নে ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। তবে তখনকার বিতর্কিত ইউএনও বিমল চাকমা রহস্যজনকভাবে তাকে অনুপস্থিত দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করেন।

Leave a comment