জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পশু জবাই নিয়ে প্রশাসনের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিতর্ক ও বিক্ষোভের পর গরুভোজের জন্য ১ লাখ ২৫ হাজার টাকায় একটি গরু কিনেছেন শিক্ষার্থীরা। আগামীকাল শুক্রবার এ কর্মসূচি আয়োজনের কথা রয়েছে।
আজ বৃহস্পতিবার গরু কেনার বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফারুক।
এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ‘জবিয়ানদের গরুভোজ কর্মসূচি’ আয়োজনের ঘোষণা দেন। এতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ৭০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়। নিবন্ধনের জন্য প্রকাশ করা হয় একটি গুগল ফর্মের লিংকও।
এদিকে প্রশাসনের বিজ্ঞপ্তির প্রতিবাদে বুধবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে জকসুর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বিজ্ঞপ্তি প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন জকসুর নেতারা।
সমাবেশে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে পশু জবাই-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার, নৈশভোজের ঘটনাকে সাম্প্রদায়িক উসকানিতে রূপ দেওয়ার অভিযোগ তদন্ত, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গরু ও খাসির মাংস অন্তর্ভুক্ত করা এবং ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রক্টরের দায়িত্বে নিয়োজিত অধ্যাপক ড. মো. আজম খান এর আগে জানিয়েছিলেন, প্রশাসনের অনুমতি নিয়ে মার্জিত ও সুশৃঙ্খলভাবে গরুভোজের আয়োজন করা হলে তাঁদের কোনো আপত্তি থাকবে না।
Leave a comment