মধ্যপ্রাচ্যের চলমান বহুমুখী সংঘাতের আঁচ এবার প্রতিবেশী দেশ কুয়েতেও এসে লেগেছে । ইরান থেকে ছোড়া প্রজেক্টাইল ও গোলার টুকরোর (শ্রাপনেল) আঘাতে কুয়েতের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় অন্তত ছয়জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।
কুয়েত নিউজ এজেন্সির (কুনা) প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি হামলার সময় বেশ কিছু প্রজেক্টাইল ও গোলার অংশ কুয়েতের উত্তর সীমান্তের জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়ে। এর ফলে সেখানে জানমালের ক্ষয়ক্ষতি হয় এবং অন্তত ছয়জন গুরুতর আহত হন।
ঘটনার পরপরই কুয়েতের জরুরি চিকিৎসা দল এবং একাধিক অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর থেকে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আঞ্চলিক এই উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতের সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী এবং জরুরি বিভাগগুলো বর্তমানে সর্বোচ্চ সতর্কাবস্থায় (হাই অ্যালার্ট) রয়েছে। কুয়েত সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মূলত ইরাক ও পার্শ্ববর্তী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান যখন আক্রমণ চালাচ্ছে, তখন যান্ত্রিক ত্রুটি বা লক্ষ্যচ্যুত হয়ে কিছু প্রজেক্টাইল কুয়েতের ভূখণ্ডে আছড়ে পড়ছে। তবে নিরপেক্ষ কুয়েতি ভূখণ্ডে এই ধরণের আঘাত আঞ্চলিক দেশগুলোর মধ্যে নতুন করে কূটনৈতিক ও নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।
Leave a comment