কান্না করার অপরাধে বাবার নির্মম নির্যাতনের শিকার হয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেল মাত্র দুই মাস বয়সী অবুঝ শিশু সাবিহা ইসলাম রোজা। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) টানা ১৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করে নিষ্পাপ শিশুটি।
নিহত শিশু রোজা রাজধানীর মিরপুর ১-এর মাজার রোড এলাকার বাসিন্দা বেকার যুবক হৃদয় খান ও লাবণী জান্নাত দম্পতির একমাত্র সন্তান ছিল। পরিবার সূত্রে জানা যায়, বাবা-মায়ের প্রেমের সম্পর্ক বিয়েতে রূপ নিলেও হৃদয় খানের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। অনলাইনে চাকরি করে একাই সংসার চালাতেন মা লাবণী।
ঘটনার বিবরণ দিয়ে মা লাবণী জানান, ২১ আগস্ট রাতে তারা একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। পরদিন ২২ আগস্ট সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন শিশুটির গলায় কালচে দাগসহ সারা শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন। পাশে তার স্বামী হৃদয় খান ছিলেন না। মূলত শিশুটি কান্না করলে প্রায়ই মেজাজ হারিয়ে তাকে মারধর করতেন হৃদয়। ঘটনার দিন ভোরে মুখ কিংবা বালিশ চাপা দিয়ে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে চিকিৎসকরা আশঙ্কা করেছিলেন।
গুরুতর অবস্থায় গত ২২ আগস্ট সকালে রোজাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনহীন অবস্থায় মাত্র ৭০০ টাকা হাতে নিয়ে মেয়েকে বাঁচাতে একাই হাসপাতাল প্রাঙ্গণে দৌড়ঝাঁপ করেছিলেন মা লাবণী। পরবর্তীতে চিকিৎসকদের মানবিক সহায়তা ও স্বজনদের সহযোগিতায় শিশুটির চিকিৎসা চলছিল। কিন্তু শ্বাসকষ্ট ও অন্যান্য জটিলতা মারাত্মক আকার ধারণ করায় ১৪ দিনের লড়াই শেষে ভোরে শিশুটির প্রাণপ্রদীপ নিভে যায়। এই নির্মম হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতক বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a comment