চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত না করার একগুঁয়েমি এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ব্রয়লার মুরগির সাথে তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওকে কেন্দ্র করে বাংলাদেশে এবার ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে দেশের জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা অভিনব এই অনলাইন প্ল্যাটফর্মটি গড়ে তুলেছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ খোলেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ‘We are not insulted, We are awakened’ (আমরা অপমানিত নই, আমরা জাগ্রত)—এই ঝাঁঝালো ও প্রতিবাদের স্লোগানে খোলা পেজটিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে, আজ বিকেল ৬টা পর্যন্ত ১ হাজার ৭০০ জনেরও বেশি ফলোয়ার যুক্ত হয়েছেন।
টানা ভারী বৃষ্টিপাত, বন্যা ও ব্যাপক জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ সকাল থেকেই উত্তাল ছিল রাজধানীসহ সারা দেশ। এই আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কটাক্ষ করে ছড়িয়ে পড়া অডিওর কাউন্টার-প্রটেস্ট বা প্রতিবাদের ভাষা হিসেবেই এই অভিনব পেজটি খোলা হয়েছে। পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের রাজপথের আন্দোলনের খবরের পাশাপাশি বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্ট, মিম, ছবি ও ভিডিও শেয়ার করে তীব্র ক্ষোভ ও উপহাস প্রকাশ করছেন নেটিজেনরা।
অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাইবার বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশি তরুণদের এই প্ল্যাটফর্মটি মূলত ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আদলে তৈরি। উল্লেখ্য, গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক শুনানিতে বেকার তরুণদের ‘ককরোচ’ বা ‘পরজীবী’ বলে উল্লেখ করার পর সে দেশে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ‘ককরোচ জনতা পার্টি’ গড়ে ওঠে। যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হওয়া সেই অনলাইন আন্দোলনটি পরবর্তীতে ভারতের লাখ লাখ তরুণের বেকারত্ব, প্রশ্নফাঁস ও নিয়োগের অনিয়ম বিরোধী এক বিশাল বাস্তব আন্দোলনের রূপ নেয়। বাংলাদেশের জেন-জি শিক্ষার্থীদের এই ‘ব্রয়লার চিকেন পার্টি’ও ভার্চুয়াল দুনিয়া পেরিয়ে চলমান এইচএসসি সংস্কার আন্দোলনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।
Leave a comment