ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রচণ্ড জ্বর ও শরীরব্যথা নিয়ে ব্যথানাশক ওষুধ খেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সাময়িক বিশ্রাম নিলেও বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আবার আন্দোলনের মঞ্চে ফিরবেন বলে জানান তিনি। খবর এনডিটিভির।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অভিজিৎ দীপকেসহ অন্য বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বুধবার রাতে বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনাকে ‘নৃশংসতা’ আখ্যা দিয়ে পুলিশের সমালোচনা করেন অভিজিৎ দীপকে।
তবে পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাঁদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের জন্য দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার বদ্ধপরিকর এবং এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
মোদির এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ক্ষমতাসীন এনডিএ জোট ও বিজেপির শীর্ষ নেতারা।
Leave a comment