চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ২ ও ৩ ডিসেম্বর সম্পূরক পরীক্ষা গ্রহণ করা হবে এবং উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৩ ডিসেম্বর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে অবস্থিত শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশে, যা বিগত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পাসের রেকর্ড। এর আগে ২০২৫ সালে এই পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং সে বছর মোট জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
চলতি বছর মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাসের হার ৫৬.৩১ শতাংশ (৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন) এবং ছাত্রদের পাসের হার ৪৭.৭৫ শতাংশ (২ লাখ ৯০ হাজার ১৫৭ জন)।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার সর্বমোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী রয়েছেন।
অন্যদিকে, এবারের ফলাফলে ‘শূন্য পাস’ প্রতিষ্ঠানের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। দেশের মোট ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছর এই সংখ্যা ছিল ২০২টি; ফলে এক বছরের ব্যবধানে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত হয়ে পরবর্তীতে গত ৯ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা সম্পন্ন করা হয়েছিল।
Leave a comment