মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে নিজের নামে রাখার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এ বিষয়ে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের সঙ্গে কথাও বলেছিলেন। তবে একাধিক দেশের সঙ্গে মহাসাগরটির ভৌগোলিক সীমানা যুক্ত থাকায় প্রস্তাবে রাজি হননি পিচাই।
বুধবার (২১ অক্টোবর) দক্ষিণ ক্যারোলাইনায় এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের সামনে এ দাবি করেন ট্রাম্প।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, গুগল ম্যাপে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ দেখানোর পর তিনি সুন্দর পিচাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। তখন আটলান্টিক কিংবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি।
সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা আটলান্টিক মহাসাগরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছিলাম। আমি গুগল ম্যাপস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের বিষয়টি বেশ ভালোভাবে সামলেছে।’
সুন্দর পিচাইয়ের প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করা সম্ভব কি না, তা নিয়ে কথা বলেন।
ট্রাম্পের দাবি, পিচাই তাঁর প্রস্তাবে রাজি হননি। মহাসাগরগুলোর সঙ্গে একাধিক দেশের ভৌগোলিক সীমানা যুক্ত থাকায় এ ধরনের নাম পরিবর্তন করা সম্ভব নয় বলে তাঁকে জানানো হয়।
এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘সুন্দর আমাকে বললেন, না, না, না স্যার, এবার আমি এটা করছি না। মহাসাগরের বিষয়গুলো আলাদা। এগুলো অনেক দেশের সীমানা ছুঁয়ে গেছে। দয়া করে আমাদের এমনটা করতে বলবেন না।’
পরে প্রস্তাবটি বাদ দেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। সমাবেশে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, আটলান্টিক মহাসাগরের প্রচলিত নামটিই রেখে দেওয়া উচিত বলে তাঁর মনে হচ্ছে।
তবে ট্রাম্পের সঙ্গে সুন্দর পিচাইয়ের এমন কোনো কথোপকথন হয়েছিল কি না, তা গুগল প্রকাশ্যে নিশ্চিত করেনি।
Leave a comment