রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায় দুই ঘণ্টা গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে চলা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার।
তিনি বলেন, অবরোধকারীরা উজোবাজার এলাকায় অবস্থান নেওয়ায় পর্যটকেরা সেখান থেকে বের হতে পারছিলেন না। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় অবরোধকারীরা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে সেনাবাহিনী ও পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
পুলিশ সুপার আরও বলেন, একপর্যায়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। জবাবে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে।
মুহাম্মদ আব্দুর রকিব জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উজোবাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সব পর্যটক নিরাপদে সাজেক ছেড়েছেন।
ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Leave a comment