ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ সমুদ্রসীমা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে মাত্র একদিনে রেকর্ড ৭৮১ জন অবৈধ অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) মোট ১০টি ছোট ডিঙ্গি নৌকায় চেপে এসব নথিবিহীন অভিবাসী ব্রিটিশ উপকূলে পৌঁছান বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের পুলিশ ও কোস্টগার্ড বাহিনী।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) জানিয়েছে, চলতি ২০২৬ পঞ্জিকাবর্ষে একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসীর যুক্তরাজ্যে প্রবেশের রেকর্ড। তবে এই পরিসংখ্যানের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, সার্বিকভাবে গত ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে সমুদ্রপথে অবৈধ অনুপ্রবেশের হার প্রায় ৪২ শতাংশ হ্রাস পেয়েছে। সরকারি হিসাবমতে, ২০২৫ সালে এই সংখ্যাটি ছিল ৩২,১৮৮ জন, যা ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কমে দাঁড়িয়েছে ১৮,৫৫৬ জনে।
বিপজ্জনক এই নৌ-পথ ব্যবহার করে অবৈধ প্রবেশ ঠেকানো প্রসঙ্গে ব্রিটিশ সরকারের প্রতিনিধিরা জানান, ছোট নৌকায় করে অনুপ্রবেশ রোধে সরকারের ইতিবাচক অগ্রগতি দৃশ্যমান হলেও মানবপাচারকারীদের এই জঘন্য কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করতে আরও কঠোর ও নতুন আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। দেশটির কোস্টগার্ডের তথ্যমতে, অনুকূল আবহাওয়া ও শান্ত সমুদ্রসীমার সুযোগ নিয়েই মূলত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পাচারকারীরা এ ধরনের ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় বাধ্য করে।
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির উপ-নেতা লুসি পাওয়েল এক সাক্ষাৎকারে বলেন, অনুপ্রবেশ পুরোপুরি বন্ধে সরকার নতুন আইন ও বাড়তি সম্পদ নিয়োগসহ ব্যাপক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী দ্রুত ও স্থায়ী সমাধানের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে প্রশাসন।
Leave a comment