চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।
জিল্লুর রহমান বলেন, একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। শুধু পড়তে ও লিখতে পারাই নয়, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা অর্জন এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের সক্ষমতাও বর্তমান সময়ে সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার, বেগুনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার বানু এবং পূবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস উদ্দিন।
বক্তারা সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে শিক্ষার আওতায় আনা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a comment