‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির টিজার। এতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে চমকে দিয়েছেন টোটা রায়চৌধুরী। টিজারে মিলেছে এমন এক সময়ের ঝলক, যেখানে সাহিত্য, রাজনীতি, সাম্রাজ্যবাদ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা একসূত্রে বাঁধা।
ছবিটি নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, ‘আমার কাছে এটি হলো এমন এক চিরন্তন গল্প, যেখানে আন্ডারডগ হলো কলম, আর তার প্রতিপক্ষ অত্যাচারী তলোয়ার। বাস্তব ও সাহিত্যের দুই পরিসরেই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রামের সেই উত্তাল সময়ের কথাই এই ছবি বলে।’
‘পথের দাবী’র শতবর্ষের প্রাক্কালে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ফিরে দেখছে বাংলা সাহিত্যের এমন এক অধ্যায়, যেখানে শব্দ শুধু সাহিত্য ছিল না, ছিল প্রতিবাদের ভাষা। সময়ের দলিল হয়ে থাকা সৃষ্টিগুলোর মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ অন্যতম। প্রকাশের পর উপন্যাসটি ব্রিটিশ শাসকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। প্রায় এক শ বছর পর সেই ইতিহাস ও দ্রোহের সময়ের প্রেক্ষাপটই এবার বড় পর্দায় নিয়ে আসছেন সৃজিত।
টিজারের শুরুতেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশে দেখা যায় টোটা রায়চৌধুরীকে। পাক ধরা চুল, ভাঙা চোয়াল—এক মনে লেখালেখিতে ব্যস্ত তিনি। অন্যদিকে আবির চট্টোপাধ্যায়কে দেখা গেছে বন্দুকধারী ‘সব্যসাচী’র বেশে। মিমি চক্রবর্তী অভিনীত চরিত্রটিও টিজারে আলাদা করে নজর কেড়েছে।
তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ, কৌশানী মুখোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক। এই ছবির মাধ্যমে সংগীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন সৃজিত মুখোপাধ্যায়। ছবির সংগীত ও সাউন্ডট্র্যাকের দায়িত্বে রয়েছেন তিনি।
ছবির আবহসংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সিনেমাটির অন্যতম গুরুত্বপূর্ণ সৃজনশীল দিক মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কাজ। ঐতিহাসিক ও সাহিত্যের পরিচিত চরিত্রগুলোকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে কাজ করেছেন তিনি।
শরৎচন্দ্র ছাড়াও সিনেমাটিতে দেখা যাবে তৎকালীন সময়ের আরও কয়েকজন ঐতিহাসিক ব্যক্তিত্বকে। রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশসহ একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রকে ঘিরে এগোবে সিনেমাটির কাহিনি।
Leave a comment