যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কেরমানশাহ প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) চার সদস্য নিহত হয়েছেন। বুধবার আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত চারজনই আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্য। তবে এর আগে যুক্তরাষ্ট্রের হামলার পর কেরমানশাহ প্রদেশের উপগভর্নর জানিয়েছিলেন, প্রদেশটির কোনো স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়নি।
এদিকে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের লাভান দ্বীপে যুক্তরাষ্ট্রের রাতের হামলায় ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের তিন সদস্য নিহত হয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন।
ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেইর শহরে সাইয়্যেদ আল-শোহাদা কোরের উপকমান্ডার আবদোলকরিম পোলাদিফার নিহত তিন বাসিজ সদস্যের পরিচয়ও জানিয়েছেন। তাঁরা হলেন মাহদি বাহরানি, হোসেইন সালেহনেজাদ ও হাসান মোমেনি। হামলায় দেইর এলাকার আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তাদের সাম্প্রতিক হামলায় আইআরজিসির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সরঞ্জাম, মাইন পাতা এবং যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছে।
Leave a comment