ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৩ আগস্ট রাত আটটার দিকে ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার ১২ জন জেলেকে নিয়ে সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে যায়। পরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি সাগরে ভাসতে থাকে।
ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক জেলে ফোন করে বিষয়টি ট্রলারের মালিকপক্ষকে জানান। পরে ট্রলারের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলারটির সন্ধান পান তাঁরা। পরে ট্রলার থেকে ১২ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। ট্রলারসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Leave a comment