চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশেষ আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয়ভাবে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সবার জন্য প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেন হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব, ব্যবসায়ী ফিটু মিয়া, কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সায়েরা বেগম, রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ওবাইদুল ইসলাম, রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ পেয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
Leave a comment