১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনা করা হবে শনিবার (১১ জুলাই)।
সকাল ১০টা থেকে মাজার প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে টাকা গণনা করা হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেটের মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ২২ জুন প্রায় ৭০০ বছরের প্রচলিত প্রথা ভেঙে প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্সের টাকা গণনা করা হয়। সে সময় উদ্যোগটি নেন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত ১২ জুন উদ্যোগ নেন সারওয়ার আলম। এর ধারাবাহিকতায় ১৮ জুন বিকেলে মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে দানের অর্থ রাখার জন্য ব্যবহৃত ঐতিহাসিক তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করা হয়।
ওই উদ্যোগকে ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পর ২১ জুন সারওয়ার আলমকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
পরে গত ২৬ জুন মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য আধুনিক ও কার্যকর কাঠামোর সুপারিশ দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, শনিবার সকাল ১০টা থেকে দানবাক্সের অর্থ গণনা শুরু হবে। গণনা শেষে সংগৃহীত অর্থ জেলা প্রশাসকের নামে নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।
Leave a comment